অনেক
সীমাহীন একটা আকাশ ভাবলেও চারপাশ
এসে পড়ে। আষাঢ় শেষের বেলায় যত
ময়ূর পালক ছড়িয়ে দিচ্ছে আঁখি চিহ্নগুলি।
জামতলার কষা গন্ধে মাছি ভনভন দুপুর।
মাথা বাঁধার আরশি ভেঙে গেল একবার।
যতবার জোড়া দিতে যাও, এক থেকে অনেক হয়ে যাচ্ছা তুমি। আষাঢ় যেভাবে আরও ছড়িয়ে শ্রাবণ হয়ে যায়।
সম্মতি
পুটুস ফুলের পাশে জেগে আছে কুর্চির গাছ।
ছাতা ওল্টানো হাওয়ায় নৌকা উঁচু-নিচু খেলে।
বুলবুলি পাখি ডালিমের রঙে ঠোঁট চুবিয়ে বাসায় এসেছে। ছুটির ঘন্টা থেকে দূরে এসেছি আজ। টিফিন কৌটোর রুটি বাসি হতে থাকে। মাদাল গাছটির নিচে শুধু মাথা নাড়ো, সম্মতিসূচক। নীল ফড়িংয়ের পিছু নিয়েছে আরেকটি ফড়িং। উঠোনের রোদ তখন আনলা ডিঙোচ্ছে।
স্কুলের দিন শেষ হলে, নদী শুরু হয়...
No comments:
Post a Comment