দীর্ঘশ্বাস
এ'পাড় থেকে ও দিকের যতটা দেখা যায়
ও দিক থেকে এ'পাড়ে হয়তো নয়।
বটগাছ থেকে
নীল মাছরাঙাদের ঝুপ ক'রে জলে এসে পড়া
সাদা বকদের সাথে জলপিপি।
গাছটার ঝুরিসব মিলেমিশে
ঠিক যেন ধূসর পান্ডুলিপি।
নৌকা থেকে লোকজন নামে,
নৌকায় বোঝাই হয় লোক
পারাপারের জন্য।
ও পাড়ে দীর্ঘশ্বাস,
"বন্ধু, তুইতো ভালো আছিস্ বেশ! "
যখন হুইসেল বাজে
ধূমিত চুলো
আর কাঁচা কয়লার গন্ধ।
বাঁদিকে যত দূরেই যাই,
মাথায় সংসারের বোঝা নিয়ে এগিয়ে যাচ্ছে
শ্রমিক মৌমাছির মতো ছন্দিত জীবন।
সবুজ শালগাছদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে
দিনান্তের নীলিমা।
দু'পাশের লাল মাটির ফ্রেমে
ফ্ল্যাশব্যাক রামকিঙ্কর।
--ট্রেনের প্রতিটা স্টেশনই কি গিধনী?
ট্রেনের হুইসেল বাজলে,
ড্যাসবোর্ডে ফেরে
ঝাড়গ্রাম - গড়বেতা - শালবনী - সোনামুখী।
ছন্দিতজীবন চলে শ্রমিক মৌমাছির মতো
শিকার
খুঁটে খুঁটে উড়ে যায় বেকুব শালিক
মৃতবৎ মৃত্যুর আগেও
দেওয়ালে ঝোলে পরিযায়ী তসবির
ভুল হয়। মেঘ দেখে...ভুল হয়...
বাড়াভাতে আচমনের দিক
ধানখেতে শস্য নয়
ইঁদুর খোঁজে আততায়ী চিল
২
সমস্ত শরীর যেন নিছকই পলিথিন।
সরকারি পিঁপড়ে এসে
ছিঁড়ে দেয় নরম কেঁচো
যেভাবে দেওয়ালকে খোঁড়ে
রোমিও আলপিন
সেভাবেই বেঁচে থাকতে
বঁড়শি নিই। অতলান্ত করেছো...
ছবিঃ অনুষ্টুপ লাই

বাহ্ বেশ ভালো।
ReplyDelete