একটা পাথর চাই
একটা ভাঙাচোরা মোটর বাইক, হয়তো বাবার !
হেডলাইটের আলোর সাথে পা মিলিয়ে সোজাসুজি চলে একটা গাছ পেলাম,
পলাশ ফুলের গাছ।
চারপাশে ইলশেগুঁড়ি তুষার দানা,
পোড়া কাঠ-কয়লার মতো অন্ধকার চারিদিকে,
ডিভোর্সী দুটো মেঘ যেমন শান্ত ভাবে বসে থাকে,
পাশাপাশি,
তেমনি একটা প্রদীপ জ্বলছে গাছের তলায়,
কোমল শিখাটা দেখে মনে হলো
এই অস্থির সময়ে ,এইটুকুই স্থিরতা পৃথিবীতে।
আমার একটা পাথর চাই
একটা পাথর ...
ঠান্ডা লাশ গুলো ছুঁয়ে ছুঁয়ে আমার হাত বরফ হয়ে গেছে,
বাড়ির মতো পৃথিবীটাকেও রং করা প্রয়োজন,
মন্দিরে গিয়ে খোঁজ করলাম রং মিস্ত্রীদের,
আগে এখানেই তাদের দেখা পেতাম,
বুঝলাম , পাত্তারি গুটিয়েছে।
আমার একটা পাথর চাই
একটা পাথর...........
কোনো বিশেষ ক্ষমতা নেই সে পাথরের,
সে পারেনা মৃত সন্তানকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে,
সে পারেনা চুলের মুঠি ধরে দেশের মাথাকে সোজা করে দিতে,
কোনো এক অদৃশ্য ঘুন পোকা বাসা বেঁধেছে ।
আমার কাছে এখন কোনো অস্ত্র নেই,
ধর্ম নেই,
বোধ নেই,
আশা নেই,
যা দিয়ে মৃত্যুকে প্রতিহত করা যায়।
তাই একটা পাথর চাই,
যদি সে কাছাকাছি আসে,
শেষ চেষ্টা,
চোখ বুজিয়ে।
দারুণ লেখা।
ReplyDelete