ফেরা
পথ পড়ে আছে পথের মতো
দুপাশে কাঁটা গাছ, হলুদ ফুল
রঙবেরঙের পাখি আসে আর যায়।
তোমাকে পাব বলে হনহন করে হাঁটি
ফানুস ওড়ে,
অচেনা বালক পাশ কাটিয়ে চলে যায়
কোন্ সুদূরে!
আলো ঠিকরে পড়ে আমার উজাগর চোখে
পৌঁছে যাই তোমার শিয়রে
একথা সেকথার ছলে
নিবেদনে ফাঁক থেকে যায়
ছুঁতে পারি না।
সাদা পাতায় ডুবিয়ে এসেছি কালো অক্ষর
আমবনে ফেলে এসেছি অসীম কৌতূহল
বেড়ার ধারে কলমিলতা জানে
আমার গোপন খবর।
ছুঁতে পারি না
অসহ্য লাগে
মাথা ধরে যায়।
প্রবল জ্বরের ঘোরে বলি
ফিরে যাব ফিরে যাব,
জ্বর ওঠে জ্বর নামে
ফিরব ফিরব করে ফেরা হয় না।
ভয়
ভয় হয়,খুব ভয় হয়
পাতা খসার মতো খসে গেল
আস্ত একটা দিন।
ফিরে এল রাতের ঝিঁঝি পোকা
এতটুকু ফাঁক দিয়ে গলে গেল
ঘর-বারান্দায়;
রক্তজবার মতো চোখে পায়চারি করে
শোক ও ক্রোধ।
দৈবের বশে ঝুলে থাকতে থাকতে দেখি,
ধ্বংসচিহ্ন বুকে নিয়ে আকাশে উঠেছে চাঁদ
মনখারাপের আলো ছড়ায় দিকে দিকে।
বালিশে এপাশ ওপাশ করে ঘুমহীন রাত
বিষণ্ন হাওয়ায় ওড়ে খিদের কান্না।
ভয় হয়,খুব ভয় হয়
আলো ফোটার আগে শ্মশানের ছাই
উড়িয়ে দেবে কিনা!
বিপর্যয়
আমাদের তুচ্ছ জীবনে
প্রতিটা গলিতে খেলা করে বিপর্যয়।
জল নিয়ে খেলা সাজাই
মাটির প্রতিমা বানাই
হাওয়ার হা হা হো হো খেলায় ওড়াই
ব্যক্তিগত সুখ।
কিছুদিন সুস্থ রাখার পর
কপালে ছুঁয়ে দেয় হাত।
ব্যথা জেগে ওঠে,
পুরনো ক্ষতটির পাশে
নতুন আগাছা গজায়।
আমাদের ব্যর্থ জীবনে
নদীর জলের মতো
অন্ধকার নেমে আসে।
ঘর ভাঙে
গড়ার আগামী স্বপ্নে
আরো কয়েকটা জীবন
পার হয়ে যায়।
খুব ভালো। চমৎকার লেখা।
ReplyDelete